রাজধানীর মিরপুর-১৪ এর কচুক্ষেত এলাকায় ‘গার্মেন্ট ক্রিয়েটিভ ডিজাইনার্স লি.’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ব্যবহার করা লেগুনায় আগুন দিয়েছেন পোশাক শ্রমিকরা।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মিরপুর-১৪ নম্বর কচুক্ষেতে ঘটনাটি ঘটে। ‘গার্মেন্ট ক্রিয়েটিভ ডিজাইনার্স লি.’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে কাছাকাছি অন্যান্য পোশাক কারখানা ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।জানা গেছে, মিরপুর ১৪ নম্বরের ক্রিয়েটিভ ডিজাইনার্স গার্মেন্টের কয়েকশ শ্রমিক সকাল ৮টায় কচুক্ষেতে রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। শ্রমিকরা কাছাকাছি আরও ৮টি গার্মেন্টে হামলা ও ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধরা। কাফরুল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা জানান, এখন পরিস্থিতি শান্ত। দুর্বৃত্তরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে। এ সময় নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে সেনাবাহিনীর আরও সদস্য এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে দেয়া আগুন নিয়ন্ত্রণে এনেছে।এ বিষয়ে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ৩১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















