বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের জলসীমা থেকে গুলি করা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে মো. ওসমান নামে এক জেলের মৃত্যু হয়েছে।
এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিন জেলে। এছাড়া ৬০ মাঝি-মাল্লাসহ চারটি ট্রলার মিয়ানমারে নিয়ে যাওয়া হয়, পরে সেগুলো ছেড়ে দেওয়ারও খবর পাওয়া যায়।
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকাধীন ট্রলারে এ ঘটনা ঘটে। ট্রলার মালিকরা জানিয়েছেন, বুধবার (৯ অক্টোবর) দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামে বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারগুলো এ ঘটনার শিকার হয়। এজন্য মিয়ানমারের নৌবাহিনীকে অভিযুক্ত করছেন ট্রলার মালিকরা।
নিহত জেলে মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে ও দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকাধীন ট্রলারের জেলে ছিলেন। গুলিবিদ্ধ হয়ে আহত তিন জেলেও ওই ট্রলারের। তবে আহতদের নাম-পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ধরে নিয়ে যাওয়া অপর চারটি ট্রলারের মালিকরা হলেন, শাহপরীর দ্বীপের মিস্ত্রীপাড়ার মুসলিম মিয়ার ছেলে মতিউর রহমান, মৃত আলী হোছনের ছেলে আবদুল্লাহ ও তার ভাই আতা উল্লাহ, উত্তরপাড়ার ছৈয়দ মাঝির ছেলে মো. আছেম। ট্রলার চারটিতে ৬০ জন মাঝি-মাল্লা রয়েছেন।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানিয়েছেন, বিষয়টি নানাভাবে শোনা যাচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
কক্সবাজার,বৃহস্পতিবার ১০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















