নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সায়দাবাদ গ্রামের আমির হোসেন (৬৫), শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), বাদল মিয়া (৪৫) এবং বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫)।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরার শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক দুই সদস্য সায়দাবাদ গ্রামের বাসিন্দা ফিরোজ ও শাহ আলমের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে একাধিকবার তাদের মধ্যে মারামারি হয়েছে। একটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার রাতে এ দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। রাতভর চলা সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এবং গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন। এতে আহত হন কমপক্ষে ৩০ জন। বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রঞ্জন কুমার বর্মণ বলেন, ১৯ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। একজনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী,বৃহস্পতিবার ২২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















