অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন। দেশে এখন কোনো সরকার নেই। তাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অনুরোধ করবো অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। অন্যথায় দেশের রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। তিনি বলেন, যারা হামলা করছে তারা আন্দোলনকারী ছাত্র-জনতা নন। বরং বিরোধীতাকারীরাই এখন দেশে ভাঙচুর করছে। দেশবাসীকে প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ন না হওয়ার আহ্বান জানান তিনি।
সবাইকে ধৈর্য ধরে বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, যারা বুকের রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে; তাদের অভিবাদন জানান ফখরুল। বলেন, শিক্ষার্থীদের ওপর ভরসা আছে বিএনপির।
ঢাকা,মঙ্গলবার ০৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















