চট্টগ্রামে চার বছরের শিশু ধর্ষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ, মাঝে মাঝে ফাঁকা গুলি ছোঁড়ায় রণক্ষেত্র তৈরি হয়েছে।
নগরের বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। চারপাশ পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে একটি ডেকোরেশন দোকানের কর্মচারীর বিরুদ্ধে চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘেরাও করে অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে রাতে অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ধর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ জড়িত আসামিকে আটক করে। শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়। আটক করে আসামিকে আনার সময় বিক্ষুব্ধ লোকজন পথ আটকে দেন।
চট্টগ্রাম,বৃহস্পতিবার ২১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















