বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আজ রাজধানীতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’র উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়েছে। পাঁচ হাজার মানুষের জন্য আয়োজিত এই শোকসভা ঘিরে ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়েছেন।
শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যরা যোগ দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা এতে এসেছেন।
এ শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না।তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য দেবেন।
শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।
ঢাকা,শুক্রবার ১৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















