সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৩১ ডিসেম্বর) তিনি জানাজাস্থলে উপস্থিত হন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা।এদিন সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে জানাজাস্থল ও এর আশপাশের এলাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনস্রোত খামারবাড়ি, আসাদগেট এবং ফার্মগেট এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।জানাজা ও দাফনপূর্ব আনুষ্ঠানিকতা ঘিরে জানাজাস্থল ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবের পাশাপাশি আনসার বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন রয়েছে। জানাজা শেষে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী দাফনের উদ্দেশে মরদেহ নিয়ে যাওয়া হবে।
ঢাকা,বুধবার ৩১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















