ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও মনোনয়নবঞ্চিত তায়েবুর রহমান হিরনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে দুপক্ষই পৌর শহরের আলাদা স্থানে সভার আয়োজন করে। বিভিন্ন এলাকা থেকে দুপক্ষের নেতাকর্মীরা নিজ নিজ মিছিল নিয়ে যাওয়ার পথে পৌর শহরের পাটবাজার এলাকায় সংঘর্ষ বেধে যায়। এরপর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে উভয় সভার মঞ্চ, বেশ কিছু মোটরসাইকেল ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এতে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইনের সমাবেশে অসুস্থ হয়ে তানজিন আহমেদ আবিদ (৩০) নামে এক ছাত্রদলকর্মী মৃত্যুবরণ করেছে।
গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তালুকদার আকাশ বলেন, ‘সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আবিদ। এ সময় তাকে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করা হয়। কিন্তু জ্ঞান ফিরে না আসায় তাকে দ্রুত অটোরিকশায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ময়মনসিংহ,রোববার ০৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















