ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সারাদেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় মহানবমী বুধবার (১ অক্টোবর) মণ্ডপে মণ্ডপে চলছে প্রার্থনা, সঙ্গে বিদায়ের সুর।
রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন মণ্ডপে এমন চিত্র দেখা গেছে।
আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) দশমীতে দেবী দুর্গাকে বিসর্জন দেবে ভক্তরা। কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা।
সরেজমিনে পুরান ঢাকার তাঁতী বাজারে দেখা যায়, সরু গলির মধ্যে উচু মঞ্চে তৈরি করা হয়েছে ব্যতিক্রমি মণ্ডপ। নিচ দিয়ে দুই পাশ দিয়ে বের হওয়া এবং প্রবেশের জন্য আলাদা ব্যবস্থা।
শাস্ত্রীয় মতে, ২০২৫ সালে মা দুর্গা হাতির পিঠে চড়ে মর্ত্যে আসছেন এবং দোলায় চড়ে কৈলাসে গমন করবেন। দেবীর আগমন হাতির পিঠে হলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা বসুন্ধরাকে শস্য-শ্যামলা ও সমৃদ্ধ করে তোলে। তবে গমন দোলায় হলে তা মহামারি বা মড়কের মতো অশুভ ইঙ্গিত বহন করে, যা এ বছর শুভ আগমন সত্ত্বেও প্রকৃতির ওপর খারাপ প্রভাব ফেলতে পারে।
এ বছর সারা দেশে ৩৩ হাজারেরও বেশি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজন করা হয়। এরমধ্যে ঢাকা মহানগরীর ২৫৮টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজন করা হয়।সনাতন ধর্মাবলম্বীদের ধারণা, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। মহানবমীতে ভারাক্রান্ত হয়ে উঠে ভক্তদের হৃদয়। মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মাঝে বয়ে ওঠে বিষাদের সুর। পরদিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব চলে।
আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসবের।
ঢাকা,বুধবার ০১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















