ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা তিন দেশই প্রকাশ করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ তিনটি দেশের এমন সিদ্ধান্ত মূলত মধ্যপ্রাচ্যে শান্তি ও দুই রাষ্ট্রের সমাধানের আশাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা হিসেবে নেওয়া হয়েছে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এ ঐতিহাসিক স্বীকৃতি ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য একটি স্থিতিশীল এবং নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা প্রকাশ করেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। এতে তিনি বলেন, ‘আজ আমরা শান্তির আশা ও দুই রাষ্ট্র সমাধানকে পুনরুজ্জীবিত করতে স্পষ্টভাবে ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা শান্তি ও দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা জীবিত রাখতে এই পদক্ষেপ নিচ্ছি। এর মানে হচ্ছে, একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকরী ফিলিস্তিন রাষ্ট্র– যা বর্তমানে নেই।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিস তার ঘোষণায় বলেছেন, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগের অংশ হিসেবে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এটি একটি আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ, যা দুই রাষ্ট্রের সমাধানের দিকে সহায়ক হবে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আজ থেকে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের শান্তিপূর্ণ ভবিষ্যত গঠনে আমাদের অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপটি বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে গ্লোবাল ৭ (জি-সেভেন) দেশের মধ্যে কানাডা ও অস্ট্রেলিয়া প্রথম যারা আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ২১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















