ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই।
বুধবার (০৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইমরান এ সিদ্দিক।
আদেশের পর শিশির মনির বলেন, ৩০ অক্টোবর পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত রেখেছেন আপিল বিভাগ। ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর কোনো আইনি বাধা নেই।
ঢাকা,বুধবার ০৩ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















