ভারতের লোকসভার প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার (১১ আগস্ট) ভোট চুরির অভিযোগে দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়। এসময় তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও আটক করে পুলিশ।সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকালে দিল্লিতে পার্লামেন্ট ভবনের বাইরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ভোট চুরির অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় দিল্লি পুলিশ।
পরে সংসদ সদস্যরা সেখানে অবস্থান নিয়ে কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র স্লোগান দিতে শুরু করেন। এসময় রাহুল গান্ধী, ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের জ্যেষ্ঠ কয়েকজন এমপিকে আটক করে পুলিশ।যুগ্ম পুলিশ কমিশনার দীপক পুরোহিত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু সংখ্যাটি জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আটক হওয়া ইন্ডিয়া ব্লক নেতাদের নিকটবর্তী একটি থানায় নেওয়া হয়েছে।
প্রতিবাদস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী রাস্তায় বসে আছেন, হাতে ব্যানার ও পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন। অনেককে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি করতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।
আটক করে নিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সামনে রাহুল গান্ধী বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারি না, এটাই বাস্তবতা। সত্যটা আজ জাতির সামনে। এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান রক্ষার জন্য। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। আমরা একটি পরিষ্কার এবং নির্ভুল ভোটার তালিকা চাই।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ১১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















