গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা করেছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এ ঘটনায় এখনও কোনো আসামি পালানোর খবর পাওয়া যায়নি।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আওয়ামী লীগ-ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী আচমকা জেলা কারাগারে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে কারাগারের জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যৌথবাহিনী উপস্থিত হয়ে অ্যাকশনে গেলে হামলাকারীরা পালিয়ে যান।এর আগে গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে দুপুর আড়াটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শিকার হন এনসিপির নেতাকর্মীরা। এসময় তাদের নিরাপদে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গোপালগঞ্জ থেকে অন্যান্য জেলায় যাওয়ার রাস্তাগুলো গাছের গুঁড়ি ফেলে আটকে দেওয়া হয়। ফলে পুলিশ সুপারের কার্যালয়ে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েন তারা। কয়েক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তাদের গোপালগঞ্জ থেকে মোল্লারহাট ব্রিজ পার করে দিয়েছে সেনাবাহিনী।
গোপালগঞ্জ,বুধবার ১৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















