জুলাই পদযাত্রার অংশ হিসেকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে হামলা এবং তারপর থেকে দফায় দফায় সংর্ঘষের ঘটনায় সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়েছে, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালগঞ্জের পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া নেতাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর প্রতিবাদে সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় যুবশক্তি।
তিনি বলেন, কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম ও মুখ্য সংগঠন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব শাওন মাহফুজ বলেছেন, অনির্দিষ্টকালের জন্য বাংলা ব্লকেড কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্লকেড চলবে।
এদিকে, এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। ইতোমধ্যে পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছেন নাহিদ ইসলামসহ এনসিপির নেতারা।
ঢাকা ,বুধবার ১৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















