বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে কাগজ ছিঁড়ে ফেলার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা ও কক্সবাজারের কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান এবং উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, কুমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল ও রংপুরের নুসরাত জাহান শমী।
প্রজ্ঞাপনে বলা হয়, ২২ জুনের বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন।
ঢাকা,মঙ্গলবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















