২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার (১৪ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সিফাত মাহমুদ শুভ।অভিযোগ গঠনের সময় গ্রেপ্তার হওয়া ৪ আসামি, ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম, ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে এই মামলায় মোট আট আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ চারজন এখনো পলাতক।গত ৩ জুন পলাতক চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল আজ তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।
ঢাকা,সোমবার ১৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















