২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে আবুল বারাকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। দুদকের জন্য নির্ধারিত ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাপ্তাহিক বন্ধ থাকায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।
ঢাকা,শুক্রবার ১১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















