সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়েছে শেষ হবে দুপুর ১টায়।১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী।
তাদের মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম দিনে সকাল ১০টা থেকে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীন আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা নেওয়া হচ্ছে।
করোনার মধ্যে পরীক্ষা নেওয়ায় কেন্দ্রে সবার জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে আন্তঃশিক্ষা বোর্ড।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী দুই লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে এক লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় এক লাখ এক হাজার ৭৫০ জন, যশোরে এক লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে এক লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে এক লাখ ৩ হাজার ৮৩২, ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন।
মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ নয় হাজার ৬১১ জন।
ঢাকা,বৃহস্পতিবার ২৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















