রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এতে নতুন বাজার এলাকায় সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুর্ভোগে পড়ে স্কুল-কলেজ-অফিস-কর্মস্থলগামী মানুষেরা।
শনিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা নতুন বাজার এলাকায় ভাটারা থানার সামনের রাস্তায় অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল আটকে রেখেছেন পুলিশ সদস্যরা। এতে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। কোনো উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যের যেতে চাওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন। এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। সকাল থেকে সড়ক অবরোধের কারণে সাধারণ জনগণ উত্তেজিত হয়ে গিয়েছিল। পরে তাদের শান্ত করার জন্য শিক্ষার্থীদের আমরা একপর্যায়ে অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে দিই। এর কিছুক্ষণ পরে আবারও তারা সড়ক অবরোধ করেন। বর্তমান অবরোধ চলমান আছে এবং কুড়িল থেকে রামপুরাগামী সড়কটি অবরোধের কারণে যান চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের আন্দোলন স্থগিত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি-দাওয়া মেনে নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, পুলিশ তাদের ওপর হামলা করেছে।
ঢাকা,শনিবার ২১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















