মধ্যবাড্ডার গুদারাঘাট ৪ নাম্বার রোডের একটি চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। চা দোকানে বসা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।রোববার রাত সাড়ে ১০টার দিকে দুই ব্যক্তি পেছন থেকে তাকে গুলি করে। খুব কাছ থেকে করা গুলিতে মুহুর্তেই লুটিয়ে পড়েন তিনি। স্ত্রী দিলরুবা আক্তারকে নিয়ে মধ্যবাড্ডা বালুরচর এলাকায় থাকতেন সাধন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজনৈতিক কাজ শেষে, গুদারাঘাটের ৪ নম্বর সড়কের একটি দোকানের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি। এমন সময় পেছন থেকে এসে দুই যুবক খুব কাছ তাকে থেকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় সাধনের রক্তাক্ত দেহ সেখানেই পড়েছিলো বেশ কিছু সময়।পরে কয়েকজন যুবক এসে তাকে উদ্ধার করে নেন মহাখালীর একটি হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত ব্যক্তি গুলশান থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। প্রাথমিক ভাবে জানা গেছে, দুইজন দুর্বৃত্ত হেঁটে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক মাহমুদ জানান, বিএনপি নেতা সাধনকে হত্যার ঘটনার আগে দুর্বৃত্তরা সেখানে ঘোরাঘুরি করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঢাকা,সোমবার ২৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















