আবাসন বৃত্তিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যৌক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ করছি’ লেখা ব্যানারে নিয়ে কাকরাইল মোড়ের আন্দোলনে যোগ দেন তারা।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে জবির সাবেক শিক্ষার্থী ত্রিদিব সাহা বলেন, আমাদের শিক্ষার্থীদের ওপর ঘাত-প্রতিঘাত আমরা মেনে নিতে পারি না। উপদেষ্টা যেভাবে আমাদের ছাত্রসমাজের ওপরে হুমকি দিচ্ছেন, তিনি আমাদের আন্দোলন করতে দেবেন না, তিনি বলার কে? এই দেশ আমাদের। এদেশে রক্ত দিয়েছে আমার ছাত্র ভাইয়েরা। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক যারা আছেন, সবাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামাব না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে এ রাষ্ট্র থেকে গিয়েছে, জনগণের সঙ্গে বেঈমানি করে দাবি আদায় না হলে যারাই ক্ষমতায় থাকবে, তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।
সাবেক শিক্ষার্থীরা আন্দোলনের তিন দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তারা বলেন, এ তিন দফা দাবি যৌক্তিক। অন্তর্বর্তী সরকারের দ্রুত এ তিন দফা দাবি মেনে নেওয়া উচিত। দাবিগুলো পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের ঘোষণা যতক্ষণ না দেওয়া হবে, ততক্ষণ এ আন্দোলন চলবে।
ঢাকা,শুক্রবার ১৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















