গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত তার গাড়িতে হামলা করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন। এক পর্যায়ে তার গাড়িটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছায়। এসময় ১০-১২টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা করে। এতে তার গাড়ির গ্লাস ভেঙে তিনি আহত হন।
পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় শত শত লোক সেখানে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঢাকার উদ্দেশ্যে চলে যান হাসনাত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-ক্রাইম/উত্তর) মো. রবিউল হাসান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে হাসনাত ঢাকায় যাচ্ছিলেন। এ সময় চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এতে তিনি আহত হন। তবে কে বা কারা এ হামলার ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুর,রোববার ০৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















