নির্বাচনী জনসভায় যোগ দিতে দীর্ঘ ৫ বছর পর বরিশাল গেলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশালে পৌঁছান তিনি।বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।
দুপুর ১টায় সার্কিট হাউজে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেলে জনসভায় যোগ দেবেন তিনি।
এদিকে আওয়ামী লীগ সভাপতির সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। শুধু বরিশাল নগরেই নয়, বিভাগজুড়ে সাজ সাজ রব।
শেখ হাসিনার নির্বাচনী সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে নৌকার আদলে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সকাল থেকেই বঙ্গবন্ধু উদ্যানে আসতে শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। নানা রঙের শাড়ি, রঙিন ক্যাপ-পোশাক পরে মাঠে আসেন তারা।
বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় সংগীতের মধ্যদিয়ে সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
বেলা বাড়ার সঙ্গে বঙ্গবন্ধু উদ্যান এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থক জড়ো হন।
বরিশাল,শুক্রবার ২৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















