নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল বিএনপি। আগামী ১৬ এপ্রিল বিএনপিকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওই দিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে পারে এই সাক্ষাৎ।
বুধবার (৯ এপ্রিল) দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।প্রধান উপদেষ্টার সঙ্গে ওই বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে বলে জানান সালাহউদ্দিন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাইব। যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে অনিশ্চয়তার যে একটা ভাব আছে, সেটা কেটে যায়’।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন, ‘আমরা বলব যে, এটা যথেষ্ট সময়। তার আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি। তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। প্রধান উপদেষ্টাও ইতিপূর্বে আমাদের আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সব কর্মকাণ্ড পরিচালনা করছেন’।
ঢাকা,বুধবার ০৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















