দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯২৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা।
যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। আগামীকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।বুধবার (৫ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯২৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা। এর আগে কখনো স্বর্ণের এতো দাম হয়নি। এতো দিন ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা। ভালো মানের স্বর্ণের রেকর্ড দাম হওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে অন্যান্য স্বর্ণের দামও।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৭৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৪১ হাজার ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪০৩ টাকা বাড়িয়ে এক লাখ ২০ হাজার ৯৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৫৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৫২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা,বুধবার ০৫ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















