নতুন বছরের প্রথম দিনে সূর্যোদয় দেখতে কুয়াকাটা সৈকতে হাজির হয়েছে দেশি বিদেশি পর্যটক। তীব্র শীত উপেক্ষা করে বুধবার সকালে সৈকতের চর গঙ্গামতি, ঝাউবন ও জিরো পয়েন্টে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠে। সূর্যোদয়ের পাশাপাশি ঘন কুয়াশায় মোরানো প্রাকৃতিক সৌন্দর্য এবং তীরে আছড়ে পড়া সমুদ্রের ছোট ছোট ঢেউ দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। আগত পর্যটকদের নিরাপত্তায় অইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। পর্যটক মিলন বলেন, বন্ধুদের সঙ্গে বছরের প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটা এসেছি। নতুন সূর্যোদয়ের সঙ্গে জীবনের আরও একটি নতুন বছর শুরু হলো। নতুন বছরের সূর্যোদয় দেখতে পেরে খুশি তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরগুলোর তুলনায় এবার পর্যটকদের আগমন ছিল সবচেয়ে কম। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে এমন পরিস্থিতি দেখা যায়নি।
সৈকতে পর্যটকদের ভীড় না থাকায় ছাতা, বেঞ্চসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা অলস সময় পার করেছেন। তবে সৈকতে জিরো পয়েন্টে কিছু সংখ্যক পর্যটক দেখা গেলেও অন্যান্য স্থানগুলো ছিল প্রায় ফাঁকা।
এদিকে পর্যটন করপোরেশনের ইয়ুথ ইন মোটেলের ৭৬টি রুমের মধ্যে ৪০টি রুম বুকিং হয়েছে। কিন্তু বাকি রুমগুলো এখনও খালি রয়েছে। এ বছর থার্টি ফার্স্ট নাইটে পর্যটক কম আসায় অধিকাংশ আবাসিক হোটেল কক্ষ বুকিং হয়নি বলে জানা গেছে।
পর্যটন নির্ভর ব্যবসায়ীদের আশা ছিল, এ বছর অনেক বেশি পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটবে। এজন্য বিভিন্ন হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান আলোক সজ্জায় সেজে পর্যটকদের আকর্ষণ করতে প্রস্ততিও নিয়েছিল। কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয়নি। আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর অধিকাংশ কক্ষ ফাঁকা পড়ে রয়েছে।
রাজনৈতিক পরিবেশ ভালো থাকলে পর্যটকরা ভ্রমণে বের হতে উৎসাহ পান। এজন্য তারা পর্যটন বান্ধব পরিবেশ তৈরী করতে সকলের প্রতি আহবান জানান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা।
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, এ বছর থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি খুবই কম। আবাসিক হোটেলগুলোতে ৩০ থেকে ৪০ শতাংশ বুকিং হয়েছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ বলেন, থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি এবার খুবই কম। এমন পরিস্থিতির কথা ভাবতেও পারেনি কেউ।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার মো.জিয়াউল আহসান তালুকদার জানান, আগত পর্যটকদের নিরাপত্তা দিতে আমাদের ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও দর্শনীয় স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা সহ ট্যুরিস্ট পুলিশের টহল অব্যাহত রয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ০১ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















