চট্টগ্রাম নগরে আদালতের অদূরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি এ ঘটনার তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
একইসঙ্গে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বার্তায় তিনি এ আহ্বান জানান। বার্তাটি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বন্দর নগরী চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা কোনো ধরনের অযাচিত কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকতেও বলেন। পাশাপাশি ড. ইউনূস বন্দর নগরসহ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টার বার্তায় বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনো মূল্যে বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।
ঢাকা,মঙ্গলবার ২৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















