নড়াইলে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার নুরুন্নবি ও দুলাল। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্যার বাড়িতে হানা দেন চারজন ব্যক্তি। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে ওই বাড়ির লোকজন চোরের বিষয়টি বুঝতে পারে।
এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে চোরের বিষয়টি টের পান হান্নান মোল্যা। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে মানুষজন জড় হন। এসময় চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যান।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক গরুচুরি ঘটনা ঘটেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইল,বুধবার ৩০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















