মধ্য গাজায় একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। খবর আল জাজিরার।
ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তা বলেন, নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। এর মধ্যে ১১ মাস বয়সী এক শিশুও রয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ৪২ জন।
হতাহতদের নেওয়া হয় আল-আওয়াদা হাসপাতালে। হাসপাতালটি বলছে, নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী শিশু ১৩ জন। তিন নারীও নিহতদের মধ্যে রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, স্কুলের ভেতরে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
গত কয়েক মাসে ইসরায়েল গাজার বিভিন্ন স্কুলে একাধিক হামলা চালিয়েছে, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো আশ্রয় নিচ্ছিল। এসব হামলায় প্রায়ই নারী ও শিশুরা হতাহত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ২৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















