বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি প্রবাসীদের রেমিটেন্স উল্লেখ করে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব বলেছেন- দক্ষতা প্রশিক্ষণ নিয়ে অভিবাসনকে যেমন নিরাপদ ও টেকসই করতে হবে তেমনি বিদেশ-ফেরত মানুষেরও পাশে দাঁড়াতে হবে। বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এই কাজগুলো করার চেষ্টা করছে। সরকারের নানা দপ্তরেরও অনেক সেবা আছে। সরকার-বেসরকারি সংস্থা সবাই মিলে এই কাজগুলো এগিয়ে নিতে হবে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৪), ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে শিবপুর উপজেলা অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘আমাদের প্রবাসীদের ভিতর বৈধ উপায়ে বিদেশগমন প্রক্রিয়া, প্রশিক্ষণ গ্রহনের প্রতি অনীহা ও আত্ম-সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে যার কারনে প্রতি বছর অসংখ্য প্রবাসী নানাবিধ কারনে দেশে ফিরে আসতে বাধ্য হন। পাশাপাশি দালালের খপ্পরে পরে বিদেশগমনের কারনে বৈধ কাগজপত্র না থাকাই অনেককেই অনাঙ্কাঙ্খিতভাবে দেশে ফিরে আসতে হয়। কেউ অর্থ নিয়ে ফেরেন কেউবা বেদনা নিয়ে ফেরেন খালি হাতে। সব প্রবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে আমাদের সমন্বয় করে কাজ করতে হবে। নরসিংদীতে বিদেশ-ফেরতদের জন্য ব্র্যাকের কাজের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে আমরা নরসিংদীকে প্রবাসী বান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে চাই। সরকারের এসডিজি অগ্রাধিকার সূচকে অভিবাসীদের নিবন্ধন ও প্রশিক্ষনের লক্ষ্য অর্জনে অবদান রাখছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নরসিংদী।
অনুষ্ঠানে শিবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা রোকসানা বিলকিস বলেন, ‘অদক্ষ ও অসচেতন মানুষই মানবপাচার বা অনিয়মিত অভিবাসনের শিকার হচ্ছেন। সমস্যা সমাধানে সবাইকে সচেতন হতে হবে। বিদেশগামী অভিবাসীদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহন করতে হবে। নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে আমরা সবাই একসাথে কাজ করতে চাই, সেই জন্য যারা বিদেশ যেতে চায় তাদের সচেতন করতে হবে এবং যারা বিদেশ পাঠানোর নামে মানুষকে প্রতারণা করছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডঃ ফিরোজ শাহিনুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস এম খোরশেদ আলম, নরসিংদীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাবিলা নুঝাত, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. মমিনুল হক ও উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘প্রবাসীদের অবদানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে প্রবাসীরা শুধু টাকা পাঠানোর যন্ত্র না। তাদের বিপদে পাশে থাকতে হবে। এ কারণেই ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বিদেশ-ফেরতদের জন্য প্রত্যাশা-২ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সবাই মিলে আমাদের এই বিদেশ-ফেরত মানুষদের পাশে থাকতে হবে। তিনি উপজেলা পর্যায়ের সকল দপ্তর কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক এর জেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, মাইগ্রেশন অ্যান্ড রিইন্ট্রিগ্রেশন সাপোর্ট সেন্টারসহ নরসিংদীতে কর্মরত ব্র্যাকের বিভিন্ন প্রোগ্রামের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী উপজেলার সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় ব্যাক্তিত্ব, প্রবাস বন্ধু ফোরাম সদস্য ও বিদেশ ফেরত অভিবাসী।
নরসিংদী বা দেশের যে কোন জেলায় বিদেশ থেকে ফিরে আসা মানুষ ব্র্যাকের প্রত্যাশা-২ প্রকল্প থেকে মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে সহায়তা পাবেন। শিবপুর উপজেলা প্রশাসনসহ সরকারের নানা দপ্তরও তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রæতি দিয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রত্যাশা-২ প্রকল্পের দুইজন সেবাগ্রহীতাকে অর্থিক সহায়তার চেক হস্থান্তর করেন।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,মঙ্গলবার ২২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















