আশুলিয়া শিল্পাঞ্চলে আজ অধিকাংশ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে অভ্যন্তরীণ সমস্যাসহ নানা সমস্যার কারণে বেশ কয়েকটি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।
এদিকে সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে গতকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১ টার দিকে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বার্ডস গ্রুপের শ্রমিকরা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন। পাওনাদি পরিশোধ না করা পর্যন্ত তারা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করবে না বলে জানিয়ে দিয়েছেন।
শিল্পপুলিশ জানায়, আজ শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে শিল্পাঞ্চলের জিরাবো রোডে অবস্থিত এআর জিন্স প্রডিউসার লিমিটেড ব্যতীত বাকি সব কারখানা চালু রয়েছে। এআর জিন্স প্রডিউসার লিমিটেড স্ববেতনে সাধারণ ছুটি রয়েছে। এছাড়া টঙ্গাবাড়ি এলাকায় ম্যাংগো টেক্স লিমিটেড স্ববেতনে ছুটি রয়েছে, তবে ওই অঞ্চলের মন্ডল নিটওয়্যার, ন্যাচারাল ডেনিম, ন্যাচারাল ইন্ডিগোসহ অন্যান্য সব কারখানা চালু রয়েছে।
এদিকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর এলাকায় এনভয়, দ্য রোজ, হামীম, শারমীন, মেডলার, অনন্তসহ অন্যান্য সকল কারখানা চালু রয়েছে। তবে ‘সেতারা’ স্ববেতনে সাধারণ ছুটি রয়েছে। অন্যদিকে বাইপাইলের স্কাইলাইন কারখানা স্ব-বেতনে ছুটি রয়েছে তবে চালু রয়েছে অন্যান্য সকল কারখানা।
ঢাকা,মঙ্গলবার ০১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















