ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।
রোববার (২২ সেপ্টেম্বর) এক ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
যদিও তারা কোথা থেকে এ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন তা জানা যায়নি। কোটা সংস্কারে বৈষম্যবিরোধী আন্দোলন ও সরকার পতনের আন্দোলনের পর গা ঢাকা দিয়েছেন ছাত্রলীগের এ দুই নেতা। তারা কোথায় আছেন, এ ব্যাপারে কেউ কোনো তথ্য জানেন না।
তবে সংগঠন সূত্রে জানা গেছে, আত্মগোপনে থেকেই বাংলাদেশ ছাত্রলীগ নামের হোয়াসঅ্যাপ গ্রুপে বিবৃতি পাঠান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
ঢাকা,রোববার ২২ সেপ্টম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















