মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি আবদুর রবের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদিলুর রহমান খান বর্তমানে শিল্প উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আদালতে তাদের পক্ষে ছিলেন আইনজীবী মো. রুহুল আমিন ভূঁইয়া।
এ মামলায় গত বছরের ১০ অক্টোবর বিচারিক আদালতে দেওয়া দণ্ডের বিরুদ্ধে তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছিলেন।
এক দশক আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে হওয়া মামলায় গত বছরের ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় দেন। দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। পরে তারা হাইকোর্টে আপিল করেন।
ঢাকা,বৃহস্পতিবার ২২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















