যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’র (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত সাইদ সরদার ওই গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশের একটি ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা সেখানে গিয়ে সাইদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।
এ সময় লাশের পাশেই একটি রক্তমাখা ধারালো চাকু পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
একইসঙ্গে এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
যশোর,বুধবার ২৪ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















