রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেল চালকের মাথায় প্রায় ১০ ইঞ্চি আকারের একটি ইট দিয়ে আঘাত করার ঘটনাটি পূর্বশত্রুতার জেরে ঘটেছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। একই দাবি করেছে আহত রাফির পরিবার।গুরুতর আহত রাফি বর্তমানে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। ঘটনার দিন রাত ২টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
ইট দিয়ে আঘাতকারী পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ফয়সাল ওরফে কালুকেও গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রাফি যে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন, সেটিও তার নিজের নয় বলে জানান তিনি।
গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি (২১) বর্তমানে ঢামেক হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, তিনি এখনও শঙ্কামুক্ত নন।
রাফির মা তানিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, আমার ছেলের অবস্থা খুবই খারাপ। সবাই তার জন্য দোয়া করবেন।বুধবার (১০ জুন) দিবাগত রাতে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী সড়কে এ ঘটনা ঘটে।
ঢাকা,শুক্রবার ১২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















