এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো অগ্রগতি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতের সাম্প্রতিক উদ্যোগ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এডিবির মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে চারটি বড় প্রকল্পে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করা হবে।
ডা. জাহেদ উর রহমান জানান, আগামী ১১ জুন জাতীয় বাজেট উপস্থাপন করা হবে।
বাজেটকে সামনে রেখে সরকার অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বিদ্যুৎ খাত প্রসঙ্গে তিনি বলেন, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরও নিরাপদ, স্মার্ট ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার।
বিদ্যুৎ বিভাগ এ নিয়ে ওয়ার্কিং পেপার প্রস্তুত করছে এবং বাস্তবায়ন কৌশল নিয়ে কাজ করছে।
জাহেদ উর রহমান বলেন, দেশে অনেক সময় বিদ্যুৎ না থাকাকে সাধারণভাবে ‘লোডশেডিং’ বলা হলেও সবক্ষেত্রে তা উৎপাদন ঘাটতির কারণে হয় না।
বিতরণ ব্যবস্থার দুর্বলতা ও অবকাঠামোগত সংকটের কারণেও অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। এই সংকট নিরসনে সরকার গুরুত্ব দিচ্ছে।
জ্বালানি খাতে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূল্য ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে, কারণ এটি সাধারণ মানুষের জীবনযাত্রা ও পণ্যমূল্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। অন্যান্য জ্বালানির দাম সামান্য বাড়ানো হলেও তা বৈশ্বিক বাজারের তুলনায় এখনও কম বলেও জানান তিনি।
শেয়ারবাজার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বাজারে আস্থা ফিরবে এবং শেয়ারবাজারে সুস্থ ধারা ফিরে আসবে বলে সরকার আশা করছে।
শিক্ষা খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘ইনক্লুশন অব স্কিল-বেইজড এডুকেশন ইন ন্যাশনাল ইউনিভার্সিটি কারিকুলাম’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থায় দক্ষতা উন্নয়নের ঘাটতি ছিল। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে। সরকার সেই জায়গায় পরিবর্তন আনতে চায়।
প্রাথমিক ও গণশিক্ষা খাতের প্রসঙ্গ টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। এতে ৬৫ হাজার ৩৪৩টি বালক দল এবং ৬৫ হাজার ৩২১টি বালিকা দল অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশনা দিয়েছেন।
স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মাত্র আটটি উপজেলায় ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সরকার পর্যায়ক্রমে দেশের সব ৩১ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করবে।
তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী করা গেলে রাজধানীমুখী রোগীর চাপ কমবে এবং মানুষ কম খরচে নিজ এলাকায় চিকিৎসাসেবা পাবে।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জাতীয় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের তথ্য জানিয়ে তিনি বলেন, সঠিক সময়ে রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে ডেঙ্গুজনিত মৃত্যু অনেকাংশে প্রতিরোধ সম্ভব।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, দ্বিতীয় যমুনা সেতু এবং পটুয়াখালী-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।
টিস্তা মহাপরিকল্পনা নিয়ে তিনি বলেন, শুষ্ক মৌসুমে পানি সংকট মোকাবিলা এবং বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণের জন্য নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। চলতি বছরের মধ্যেই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ করে পরিকল্পনা কমিশনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষি খাতে সরকারের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বিএডিসি ও বিএমডিএ ইতোমধ্যে ৪৭৭ দশমিক ৪ একর খাল ও নালা খনন-পুনঃখনন করেছে। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৩টি প্রকল্পের আওতায় ৫ লাখ ৭৭ হাজার ৫৭০টি গাছ রোপণ করা হয়েছে।
আইন ও বিচার খাত নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার মাত্র ছয় কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়েছে, যা দেশের বিচারব্যবস্থায় নজিরবিহীন দ্রুততার উদাহরণ। সরকার আশা করছে, ডেথ রেফারেন্সসহ পরবর্তী বিচারিক ধাপও দ্রুত সম্পন্ন হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, কোরবানির পর ঢাকা থেকে ৫১ হাজার টনের বেশি পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা হয়েছে। এ কাজে গাফিলতির অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খুলনা সিটি করপোরেশনে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৬৩ বছর পর নতুন এলাকায় ওয়াটার সাপ্লাই সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ওএমএস কর্মসূচির আওতায় সারাদেশে ১ হাজার ১০০ কেন্দ্রের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। বর্তমানে দেশে নিরাপদ খাদ্য মজুদের পরিমাণ প্রয়োজনের তুলনায় প্রায় ৫ লাখ মেট্রিক টন বেশি রয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তিনি বলেন, রাশিয়ায় প্রতারণামূলকভাবে বাংলাদেশি যুবকদের পাঠানোর ঘটনায় তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল বা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
এছাড়া সামরিক বাহিনীর আধুনিকায়নে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ), ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের কার্যক্রমও এগিয়ে চলছে বলে জানান ডা. জাহেদ উর রহমান।
ঢাকা,মঙ্গলবার ০৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















