বিশ্বকাপ খেলতে মেক্সিকো পৌঁছেছে ইরান ফুটবল দল। বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের যুদ্ধাবস্থার মধ্যেই ইরান দলের কয়েকজন সদস্যকে ভিসা না দেওয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক।বিশ্বকাপ শুরুর আগে মেক্সিকোর তিহুয়ানা শহরে পৌঁছেছে ইরান দল। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর সীমান্তবর্তী মেক্সিকান শহরটিতে স্থানীয় সময় ভোর ৫টার কিছু পর তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে।তুরস্ক থেকে রাতভর ফ্লাইটে সেখানে যায় দলটি। গত তিন সপ্তাহ তুরস্কে অনুশীলন করেছে ইরান।
মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তার কারণেই শেষ মুহূর্তে নিজেদের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোতে সরিয়ে নেয় ইরান ফুটবল ফেডারেশন। দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইরানের সব খেলোয়াড়কে ভিসা দেয়।
সেটিও তাদের প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে। তবে ফেডারেশনের দাবি, সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য ভিসা পাননি, যাদের মধ্যে ‘গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্মকর্তারাও’ আছেন।
আগামী বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। তার কয়েক দিন আগেই ইরান দলকে ঘিরে এই ভিসা বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে।
ক্রীড়া ডেস্ক,সোমবার ০৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















