রাজধানীর বাড্ডায় একটি চিপস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কর্মচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)।সোমবার (২৫ মে) ভোর সোয়া ৪টার দিকে পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকার মারিয়া আব্দুল্লাহ ফুড নামের চিপস তৈরির কারখানা থেকে তাদের দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার ভেতর থেকে দুই কর্মচারীর লাশ উদ্ধার করা হয়।
কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পূর্ব বাড্ডা কবরস্থান রোডে মালিক আমিরুল ইসলামের মারিয়া আব্দুল্লাহ ফুড নামের টিনশেড দুইতলা কারখানাটিতে প্রায় ১০ জন কর্মচারী কাজ করতেন এবং সেখানেই অবস্থান করছিলেন।
নিহত মাহমুদুল হাসান ও মোস্তফার গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। মাহমুদুলের বাবা ইসলাম উদ্দিন এবং মোস্তফার বাবা মজনু মিয়া।
ঢাকা,সোমবার ২৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















