রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ শফিকুল ইসলাম রনি ওরফে ‘শুটার বৃন্দা রনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে পল্লবী থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, থানাধীন সেকশন-১২ শাহ পরান বস্তিতে অভিযান চালিয়ে চার মামলার আসামি রনিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ব্রাজিলের তৈরি একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।তিনি আরও জানান, গত ২১ মার্চ রাতে পল্লবী থানার আলীনগরগামী সড়কের রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার আসামিসহ পিচ্চি বাবু ও বড় লোকমানকে শনাক্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, ‘শুটার বৃন্দা রনি’ নামে এলাকায় পরিচিত রনির বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি মাদক মামলা আদালতে বিচারাধীন এবং একটি দস্যুতা মামলা তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ৩০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















