রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫-৩৮ বছর।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেট বটতলার শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী শিক্ষার্থী মো. মেজবাহ জানান, পৌনে ৮টার দিকে নিউমার্কেট এক নম্বর গেটের সামনের রাস্তায় দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি মাটিতে পড়ে যায়। সে সময় হত্যাকারীরা পড়ে থাকা ব্যক্তির কাছে দাঁড়িয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য আবারও গুলি চালায়।
একপর্যায়ে আশপাশের লোকজন ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে তারা পথচারীদের ভয় দেখাতে আরও কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
তিনি আরও জানান, পরে রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ২৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















