রাজধানীর মহাখালী এলাকায় জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল সাতজন।মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া দুজন হলেন-ইউসুফ আলী ও নেছার আহমেদ।
রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে একই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তারিকুজ্জামান আরও জানান, এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, সোমবার (২০ এপ্রিল) অফিস শেষে বাসায় ফেরার পথে বনানীর পুরোনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ডা. আহমদ হোসেনের ওপর হামলা চালায় দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত।
হামলাকারীরা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
ঢাকা,মঙ্গলবার ২১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















