রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে টহলরত আনসার সদস্যদের দ্রুত ও সাহসী পদক্ষেপে অটোরিকশা ছিনতাইয়ের সময় ধাওয়া করে ছিনতাই করা অটোরিকশাসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন— মো. রিয়াজুল ইসলাম (২৭), মো. রাজু মিয়া (২০) ও মো. রাজন মিয়া (৩০)।আটকের সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা, দুটি ছুরি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, শুক্রবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আনসার ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহলকালে এক ব্যক্তির চিৎকার শুনতে পান।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান, এক ব্যক্তির মুখ বেঁধে রাখা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটোরিকশা ছিনতাই করে চালক ও দুইজন যাত্রী সেজে পালিয়ে যাচ্ছিল।
তাৎক্ষণিকভাবে আনসারের এপিসির নেতৃত্বে সদস্যরা ধাওয়া করে অটোরিকশাসহ চক্রের তিন সদস্যকে আটক করেন। পরে উদ্ধার করা অটোরিকশাটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক তিনজনকে বনানী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ঢাকা,শনিবার ১১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















