ভোলা পৌরসভার মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা সুমিকে নিজ বাসা থেকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির প্রায় শতাধিক নারী কর্মী অংশ নেন।এতে প্রেসক্লাবের সামনের এলাকা কিছু সময়ের জন্য সরব হয়ে ওঠে।
মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুননেসা সিদ্দিকী বলেন, দেশে তেল-গ্যাস সংকট দ্রুত সমাধান করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
একইসঙ্গে সাইবার বুলিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, আগে শেখ হাসিনার স্বৈরাচারের সমালোচনা করা হলেও এখন একই ধরনের স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি হচ্ছে।
বিভিন্ন স্থানে শ্রমিকসহ বিরোধী মতের লোকজনকে গ্রেপ্তার করা তারই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
যে সাইবার আইনের অপব্যবহারের অভিযোগ তুলে সেটি বাতিল করা হয়েছিল, এখন আবার সেই আইনের ধারা ব্যবহার করে গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
নুরুননেসা সিদ্দিকী বলেন, সরকার একদিকে গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশে গণভোট হলে সরকারগুলো সাধারণত গণরায় মেনে চলে, কিন্তু বাংলাদেশে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি বলে তিনি দাবি করেন। সরকারের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অসামঞ্জস্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বারবার সংবিধানের আশ্রয় নেওয়া হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে সংবিধানের চেতনা প্রতিফলিত হচ্ছে না। তাই মানবাধিকার সুরক্ষা, গণতন্ত্র শক্তিশালী করা এবং দেশের কল্যাণে সংবিধানে মৌলিক সংস্কার প্রয়োজন বলে তিনি মত দেন।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে থেকেই চাঁদাবাজি, বিরোধী নেতাকর্মীদের ওপর চাপ সৃষ্টি এবং বিশেষ করে নারীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে।
এসব পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামো ও সাংবিধানিক ব্যবস্থায় কার্যকর পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।মানববন্ধন থেকে অবিলম্বে বিবি সাওদা সুমির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক নাজমুন নাহার নীলুসহ আরও অনেকে।
ঢাকা,বুধবার ৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















