সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে মামলার শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তার বিরুদ্ধে করা দুই দিনের রিমান্ড আবেদনের শুনানি হয়।শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহসিন উদ্দিন। রিমান্ড আবেদনের পক্ষে ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী শুনানি করেন।
শুনানিতে তিনি বলেন, শিরীন শারমিন চৌধুরী চব্বিশের ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদের সহযোগী ছিলেন। তিনি এই মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি। আন্দোলনের সময় হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মামুন রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার একটি নিরপেক্ষ পদ। তিনি নিজ থেকেই পদত্যাগ করেছিলেন এবং তিনি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ। তিনি একজন আইনজীবীও। এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। ঘটনার দীর্ঘ ১০ মাস পর এই মামলা দায়ের করা হয়েছে। মানবিক বিবেচনায় তার জামিন হওয়া উচিত।
শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন উভয় আবেদনে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার শিরীন শারমিনকে গ্রপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এদিন ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা,মঙ্গলবার ০৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















