মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ।বিবৃতিতে বলা হয়, সকালে এক হামলায় তাকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে আইআরজিসি।
এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।তার দাফন ও জানাজা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, খাদেমি সম্প্রতি আইআরজিসির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে এই পদে থাকা মোহাম্মদ কাজেমি ২০২৫ সালের ১৫ জুন ইসরায়েলের এক হামলায় নিহত হন। ওই সময় ইরান-ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের সংঘাত চলছিল।
ইরানে গত জানুয়ারিতে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের পর খাদেমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি দাবি করেছিলেন, বিদেশি হস্তক্ষেপের অজুহাত তৈরি করতে ‘পরিকল্পিত হত্যাকাণ্ডের কৌশল’ বাস্তবায়ন করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ০৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















