গণভোটের মাধ্যমে পাওয়া জনগণের রায়কে সংসদীয় ক্ষমতার জোরে প্রত্যাখ্যান করলে দেশে আরেকটি ‘৫ আগস্ট’ সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
‘জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার’ এই দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এ সমাবেশের আয়োজন করে।
মাসুদ বলেন, আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, আপনারা সংসদের দুই-তৃতীয়াংশ ক্ষমতার বলে যদি তা প্রত্যাখ্যান করেন, তবে মনে রাখবেন, জনগণ গত ৫ তারিখে (আগস্ট) সংসদে গিয়ে তাদের অবস্থান জানান দিয়েছে।সেই জনতাকে উপেক্ষা করার ফল শুভ হবে না।
তিনি আরও বলেন, নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি আপনারা শপথ নিয়েছেন ঠিকই, কিন্তু ৫ আগস্টের সেই গণঅভ্যুত্থান ছিল প্রকৃত গণরায়। ওই আন্দোলনে এদেশের ৭০ শতাংশ মানুষ যে মতামত ব্যক্ত করেছে, তাকে অস্বীকার করা মানে হলো আরেকটি গণঅভ্যুত্থানকে আমন্ত্রণ জানানো। আমার মনে হচ্ছে, গণরায়কে অবজ্ঞা করলে আরেকটি ৫ আগস্ট খুব সন্নিকটে।
এই সংসদ সদস্য বলেন, আমরা প্রত্যাশা করি, ১১ দলীয় জোটের এই বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে সরকার জনগণের পালস বুঝতে পারবে। গণরায়কে প্রত্যাখ্যান করলে চূড়ান্তভাবে জনগণই এই সরকারকে প্রত্যাখ্যান করবে।
ঢাকা,শনিবার ৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















