রাজধানীতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একযোগে এই অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ।তিনি জানান, জনদুর্ভোগ কমানো এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ওয়ার্কশপের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে।
অভিযান চলাকালে দেখা যায়, মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত ফুটপাত দখল করে থাকা দোকানের অংশ, সড়কে রাখা মোটরসাইকেল এবং অবৈধভাবে বসানো দোকানপাট সরিয়ে দেওয়া হচ্ছে।
ঢাকা,বুধবার ১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















