বাগেরহাটের চিতলমারীতে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামের এক কলেজছাত্রকে প্রথমে ধাওয়া ও পরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সন্ত্রাসীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।
পুলিশ ও স্বজনরা জানান, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা।
এ সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরা ছয়জন যুবক বাড়ির ভেতরে প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া দেয়। আতঙ্কে আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাড়ে পড়ে যান। সেখানেই তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
জামালপুর,বৃহস্পতিবার ২৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















