কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা আব্দুল খালেক (৬০) খুন হয়েছে।
রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক (৫৫) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিককে (২৯) আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী এলাকায় বিয়ে করেন মানিক। বিয়ের পর থেকে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েন বলে জানা গেছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা আব্দুল খালেকের সঙ্গে ছেলে মানিকের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করেন মানিক। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে আটক করে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রাম,রোববার ২২ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















