নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার তিলকপুরে এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন। তবে এখনও আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
বগুড়া,বুধবার ১৮ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















